নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গাইবান্ধা শহরের কালীবাড়িপাড়ার নয়ন কুমার (২৫) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান গতকাল রোববার এ দণ্ড দেন।
দণ্ড পাওয়া নয়ন কুমার কালীবাড়িপাড়ার উত্তম কুমারের ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, নয়ন কুমার বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। গতকাল দুপুরে মেয়েটি বাড়ি ফেরার পথে নয়ন কুমার তার পথরোধ করে উত্ত্যক্ত করতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন নয়নকে আটক করে পুলিশে দেয়। গতকাল বিকেলে নয়নকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে এই সাজা দেন।