রাজধানীর ২৮টি প্রাথমিক বিদ্যালয় ‘দখলের’ প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনের ঢাকা মহানগর সংসদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় বেইলি রোডে ছাত্র গণসমাবেশ ও মিছিল এবং ৭ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপ দেবে ছাত্র ইউনিয়ন। স্মারকলিপিতে সংযোজনের জন্য ঢাকা মহানগরে স্বাক্ষর সংগ্রহ চলছে যা ৬ সেপ্টেম্বর শেষ হবে।
গত ২৩ আগস্ট প্রথম আলোকে ‘২৮ স্কুলে দখলদারদের থাবা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগরে ২৮ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও শ্রেণিকক্ষ বেদখল হয়ে গেছে।