গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ ইয়াকুব আলী সিকদার উচ্চবিদ্যালয়ের বারান্দায় গতকাল বৃহস্পতিবার সকালে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ক্লাস শুরু হওয়ার পাঁচ মিনিট আগে দশম শ্রেণির শ্রেণিকক্ষে বারান্দায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। আতঙ্কিত শিক্ষার্থীদের অনেকে স্কুলের পাশের বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে কাপাসিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায় এবং আলামত সংগ্রহ করে। পরে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।
স্কুলের প্রধান শিক্ষক জাহিদ হাসান বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় দুপুরের পর স্কুল ছুটি ঘোষণা করা হয়। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, স্কুলের বারান্দায় স্কচটেপ প্যাঁচানো কাগজের তৈরি ছোট পটকা বিস্ফোরিত হয়েছে। ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে।