স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী লিমা খাতুনকে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যার দায়ে জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মো. এনামুল বারী আজ সোমবার বেলা দেড়টায় এ রায় ঘোষণা করেন।

জাহাঙ্গীর আলম (২৭) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মোমিনপাড়ার বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ২০১২ সালের ৩০ আগস্ট নিজ বাড়িতে যৌতুকের দাবিতে শ্বাসরোধে লিমা খাতুনকে হত্যা করেন। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর লিমার মা সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের জোসনা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শুনানি শেষে আদালত সোমবার জাহাঙ্গীর আলমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড ​দেন।