স্মারকলিপি প্রদান

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চরকলমি ইউনিয়নের কাউনিয়া খালে প্রভাবশালী মেহেদী হাসান অবৈধভাবে বাঁধ দিয়ে মাছের ঘের নির্মাণ করছেন। নির্মাণকাজ বন্ধের দাবিতে এলাকার কয়েক শ মানুষ গতকাল শনিবার ইউনিয়নের চৌমুহনী বাজারে মানববন্ধন করেছেন এবং পরে ইউএনওর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। মানববন্ধনে উপস্থিত ইউনিয়নের ইউপি সদস্য মাইনুদ্দিন বলেন, বাঁধ নির্মাণ করা হলে ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১৫ হাজার মানুষ জলাবদ্ধতার শিকার হবে। চরকলমি ইউনিয়নের চেয়ারম্যান কাউসার শিকদার বলেন, গ্রামবাসী এই বাঁধ নির্মাণের বিরুদ্ধে পরিষদে অভিযোগপত্র জমা দিয়েছেন।