গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় ট্রলির চাপায় ইসাহাক মিয়া (৫) নামের এক শিশু মারা গেছে। ইসাহাক মিয়া ওই গ্রামের হুদা মিয়ার ছেলে।
এ ঘটনায় ট্রলির চালক মজনু মিয়া ও তাঁর সহকারী সাজু মিয়াকে আটক করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও সুন্দরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িসংলগ্ন রাস্তায় গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ইসাহাক মিয়া তার বন্ধুদের সঙ্গে খেলছিল। এ সময় বালুবাহী একটি ট্রলি ইসাহাককে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয় লোকজন ট্রলির চালক মজনু ও তাঁর সহকারী সাজুকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, চালক মজনু মিয়ার বদলে তাঁর সহকারী সাজু ট্রলিটি চালাচ্ছিলেন। তাই এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে থানায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।