সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় জুয়াইরিয়া সুফি তানহা (৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুয়াইরিয়া শহরের এন কে এম হাইস্কুল অ্যান্ড হোমসের প্রথম শ্রেণীর ছাত্রী ও শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকার সফিউল্লাহ মিয়ার মেয়ে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, জুয়াইরিয়া সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মা দিলরুবা আক্তারের সঙ্গে সড়ক পার হচ্ছিল। এ সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়াইরিয়াকে মৃত ঘোষণা করেন।