এখন থেকে হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সব যাত্রীকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবহার করতে হবে। সৌদি আরব সরকার এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে।
গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, সৌদি সরকার এ বছর থেকে হজ ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য নতুন পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। হজযাত্রীদের তাঁদের পাসপোর্ট ইলেকট্রনিক পাঠযন্ত্রে প্রবেশ করিয়ে সব তথ্য সৌদি আরবের অভিবাসন শাখায় দিতে হবে। কিন্তু এ প্রক্রিয়া শুধু এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করেন তাঁরা এ প্রক্রিয়ার আওতায় আসবেন না। এ কারণে এ বছর থেকে এমআরপি ছাড়া কেউ হজ পালন করতে পারবেন না।