হবিগঞ্জে সাংবাদিক কামরুল হাসান ওরফে আলীম হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ এইচ এম নিজামুল হক গতকাল মঙ্গলবার এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত ব্যক্তির চাচা আবদুল হান্নান চৌধুরী (৫৫), চাচি পিয়ারা বেগম (৪৫), চাচাতো ভাই শাহ আলম চৌধুরী (১৮), মকদ্দছ চৌধুরী (৩০) ও আজাদ চৌধুরী (২০)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দৈনিক দিনকাল-এর নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসানের সঙ্গে আবদুল হান্নানের জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০০৬ সালের ৭ নভেম্বর সকালে কামরুল বাড়ির পাশে নলকূপে হাত-মুখ ধুতে গেলে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। পরের দিন গুরুতর আহত অবস্থায় কামরুল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী সাফিয়া ইয়াসমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।