বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন জয়মণির ঘোল এলাকায় বৃহস্পতিবার সকালে পাচারকালে পুলিশ ১০ কেজি হরিণের মাংসসহ দুজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিরাজুল শেখ ও মো. আমিরুল। তাঁরা উপজেলার মিঠেখালী ইউনিয়নের সাহেবের মেঠ গ্রামের বাসিন্দা। জয়মণি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, ‘পুলিশ চিলা ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন জয়মণির ঘোল এলাকায় একটি নছিমনের গতিরোধ করে তাঁদের আটক করে। এ সময় নছিমনে একটি কলসের ভেতর থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তাঁরা এভাবে হরিণের মাংস পাচার করে আসছিলেন। আটক দুজনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।