হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংবিধানের ৯৮ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের নিয়োগ দেন। গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।নিয়োগ পাওয়া চার বিচারক হলেন অবসর-উত্তর ছুটি ভোগরত জেলা জজ ভবানী প্রসাদ সিংহ, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) আনোয়ারুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আকরাম হোসেন চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফুল কামাল। শপথ নেওয়ার তারিখ থেকে দুই বছরের জন্য তাঁদের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।সূত্র জানায়, এ নিয়ে বর্তমান সরকারের আমলে চার দফায় ৩২ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামী রোববার সকাল সাড়ে ১০টায় শপথ গ্রহণ হতে পারে বলে সূত্র জানিয়েছে।