চাঁদপুরের হাজীগঞ্জে গত বুধবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন গুরুতর অসুস্থ হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের তারালিয়া গ্রামের ছৈয়ালবাড়ীতে। অসুস্থ ব্যক্তিরা হলেন: গৃহকর্তা আইয়ুব আলী, তাঁর স্ত্রী মরিয়ম বেগম, নাতি শিমুল ও নাতনি আঁখি। এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় গৃহকর্তা আইয়ুব আলী ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আইয়ুব আলীর মেয়ে রিনা আক্তার বলেন, ‘অন্যান্য দিনের মতো বুধবার সন্ধ্যায় আব্বা-আম্মার সঙ্গে আমার ছেলেমেয়েদের নিয়ে ইফতার করি। ইফতার করার অনেক পরে আব্বা-আম্মা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। তাঁদের সঙ্গে আমার ছেলেমেয়ে আঁখি ও শিমুলও ভাত খায়। একপর্যায়ে তারা অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। পরে মা-বাবার ঘরে গিয়ে দেখি, তাঁরাও অচেতন হয়ে পড়ে রয়েছেন।’