নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এতে একটি ঘরের টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রসুলবাগ এলাকায় সালাউদ্দিনের বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সালাউদ্দিনের ডান হাতের কবজি উড়ে গেছে। এ সময় মো. হান্নান নামের এক ভাড়াটিয়াও আহত হন।