বরিশালের বাকেরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রদলের সাবেক এক নেতাকে ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। হামলায় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের জেলা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল মঙ্গলবার ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। গত সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম বলেন, একটি মামলার আসামি ছাত্রদলের চরাদি ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক আসিফকে গ্রেপ্তারে সোমবার সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মজুমদার ও কনস্টেবল এনায়েত হোসেন সাদাপোশাকে রানীরহাটে যান। এ সময় পুলিশ দেখে আসিফ পার্শ্ববর্তী নদীতে ঝাঁপ দেন। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আসিফকে নদী থেকে তুলে গ্রেপ্তার করে। পরে আসিফের সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন।
বিএনপির চরাদি ইউনিয়ন শাখার সভাপতি ফরিদুল ইসলাম অভিযোগ করেন, আসিফকে ছিনিয়ে নেওয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযানের নামে তাঁর, আসিফ ও আবুল বাশারের বাড়িতে ভাঙচুর করেছে।
অভিযোগ অস্বীকার করে সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার নন্দী বলেন, তাঁরা নিজেদের অপকর্ম ঢাকতে এখন কাল্পনিক অভিযোগ ছড়াচ্ছেন।