
ঈদে সবাই সবার সঙ্গে দেখা করেন। কুশল বিনিময় করেন। শুভেচ্ছা জানান। তবে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের সঙ্গে কারও দেখা করা বারণ। এবারের ঈদ তাই তাঁদের জন্য কষ্টের। বিষাদের।
হাসপাতালে থাকা এসব রোগীর জন্য অন্য রকম উদ্যোগ নিয়েছেন টিম খোরশেদের সদস্যরা। তাঁরা করোনায় সংক্রমিত রোগীদের ঈদের দিনে ভালো খাবার খাইয়েছেন। উপহারও দিয়েছেন।
ঈদের নামাজ আদায় করে কাউন্সিলর মাকছুদুলের নেতৃত্বে টিম খোরশেদের টিম লিডার ও টাইম টু গিভ সদস্যরা শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা সরকারি করোনা হাসপাতালে যান। সেখানে রোগীদের ফল, দুধ, বিস্কুটের প্যাকেট উপহার দেন।
করোনা সংক্রমণের শুরু থেকে প্রতি ঈদে এই কার্যক্রম পরিচালনা করেন কাউন্সিলর মাকছুদুল আলম। এ ছাড়া তিনি দরিদ্রদেরও সহায়তা দেন। তিনি বলেন, ‘এই কার্যক্রম প্রতিবছরের মতো এবারও চলছে। করোনায় যদি আমরা খেয়ে থাকি তাহলে আমার ওয়ার্ডবাসীর সবাই খেয়ে থাকবে। আমার ঘরে ঈদ হলে প্রতিটি ওয়ার্ডবাসীর ঘরে ঈদ হবে।’ খোরশেদ বলেন, ‘আমরা করোনার শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকব।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার প্রথম আলোকে জানান, ঈদের দিনে তাঁদের হাসপাতালে ২২ জন করোনা রোগী সাধারণ ওয়ার্ডে ও ৩ জন করোনা রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। কাউন্সিলর খোরশেদের নেতৃত্বে টিম খোরশেদের সদস্যরা হাসপাতালের রোগী-চিকিৎসক ও নার্সদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
আবুল বাসার আরও বলেন, টিম খোরশেদ হাসপাতালে রোগীদের নিয়ে আসেন। আবার কেউ মারা গেলে তাঁর লাশ নিয়ে দাফন করেন। তাঁরা করোনার সংকটকালীন যথেষ্ট মানবিক কাজ করছেন।
গত বছরের ৯ মার্চ থেকে টিম খোরশেদ ও টাইম টু গিভ করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, স্যানিটাইজার তৈরি ও বিতরণ, দাফন, সৎকার, টেলিমেডিসিন, অক্সিজেন, অ্যাম্বুলেন্স, প্লাজমা ডোনেশন ও খাদ্যসহায়তার কাজ করছে।
করোনার শুরু থেকে এ পর্যন্ত টিম খোরশেদ ২০২ জন করোনা রোগীর মৃতদেহ দাফন ও সৎকার, বিনা মূল্যে ৩৭৮ জন সংক্রমিতকে অক্সিজেন সেবা, ১১১ জনকে প্লাজমা ডোনেশন, ১৫ হাজার মানুষকে টেলিমেডিসিন সেবা, বিনা মূল্যে ওয়ার্ডবাসীকে সবজি বিতরণ, ফ্রি অ্যাম্বুলেন্স সাপোর্ট সেবা দিয়ে আলোচনায় আসে। টিম খোরশেদের সব সেবা বিনা মূল্যে দেওয়া হয়।
জেলা সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব মোহাম্মদ ইমতিয়াজ বলেন, সংক্রমণের শুরুতে যখন অনেকেই মারা যাচ্ছিলেন তখন অনেকেই লাশ দাফনে এগিয়ে আসেননি। টিম খোরশেদ ওই সময় থেকে এখন পর্যন্ত করোনা রোগীদের লাশ দাফনসহ বিভিন্ন মানবিক কাজ করছে। প্রত্যেক জেলায় এ রকম থাকলে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।
হাসপাতালে রোগীদের উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন টিম খোরশেদ ও টাইম টু গিভ সদস্য রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, এস এম কামরুজ্জামান, আনোয়ার হোসেন, শওকত খন্দকার, সুমন দেওয়ান ও টিপু সুলতান।