দেশের সংবিধান অনুযায়ী হিজড়াদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা যাবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। হিজড়া সম্প্রদায় তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। পরিবারে তারা অবহেলিত। লেখাপড়া ও কাজের সুযোগও তারা পায় না। এ জন্য হিজড়া সম্প্রদায়ের পারিবারিক উত্তরাধিকার আইনের সুনির্দিষ্ট একটি ব্যাখ্যা পাওয়া জরুরি। একই সঙ্গে কোনো হিজড়া যেন নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হতে না পারে, সে জন্য একটি আইনি নির্দেশনা ও আইন প্রণয়ন হওয়াও দরকার।
গতকাল রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হিজড়া সম্প্রদায়ের সদস্যরা সামাজিক ও আইনি অধিকার পাওয়ার দাবি তুলে এসব কথা বলেন। হিজড়াদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘লোকনাট্য ও সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্র’ (লোসাউক) ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।