
নড়াইলে পুলিশের উপস্থিতিতে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা এবং সাভারের আশুলিয়ায় কলেজশিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির নেতারা বলেছেন, মানুষের ভোটের অধিকার ও আইনের শাসন ধ্বংস করে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে এক অনিরাপদ পরিস্থিতি তৈরি করেছে। কী হিন্দু কী মুসলিম, কী শিক্ষক কী অন্য পেশাজীবী- কেউই আওয়ামী লীগের আমলে নিরাপদ নন।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের নেতারা এসব কথা বলেন। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, যেকোনো নির্যাতন নির্যাতন, হত্যা ও লাঞ্ছনার সঙ্গে ক্ষমতার ওতপ্রোত সম্পর্ক থাকে। নড়াইলে পুলিশ-প্রশাসনের সামনে একজন শিক্ষককে মিথ্যা দোষারোপ করে জুতার মালা পরানো হয়েছে। পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তারা উত্তেজিত জনগণকে বাধা দেয়নি। নড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে এখন নাগরিক, ছাত্র-শিক্ষকসহ জনগণের নিরাপত্তা নিশ্চিতে তৎপর দেখা যায় না। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে যখন বিরোধী দল দমনের প্রয়োজন হয়, তারা শুধু তখন তাদের বিরুদ্ধে বুলেট ছুড়তে পারে।
আওয়ামী লীগের ক্ষমতার উচ্ছিষ্টভোগী ছাড়া কী হিন্দু-কী মুসলিম, কী শিক্ষক-কী অন্য পেশাজীবী কোনো মানুষই বাংলাদেশে আজ নিরাপদ নন বলে মন্তব্য করেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন। তিনি বলেন, অগণতন্ত্রায়ন ও স্বৈরাচার- সব মিলিয়ে ক্ষমতাকাঠামো এমন একপর্যায়ে রূপ নিয়েছে যে এই পরিস্থিতিতে কোনো মানুষই নিরাপদ থাকতে পারে না। নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা বাংলাদেশের আপামর জনতার গলায়ই জুতার মালা। সাভারে একজন শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সমাজের পরিস্থিতি ও রাষ্ট্রের আচার-আচরণ দেখে আজকে শিশুরাও ভয়ংকর হয়ে উঠছে। যে ছাত্র শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে, তাকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে যারা ওই ছাত্রের মনজাগতিক পরিবেশ ধ্বংস করেছে, দেশে আইনের শাসন ধ্বংস করেছে, সেসব লুটেরা ও ক্ষমতার উচ্ছিষ্টভোগীদেরও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের কোনো মানুষই আজ নিরাপদ নন, সুখী নন। অবৈধ আওয়ামী লীগ সরকারের সময়ে কোনো হিন্দু এবং কোনো মুসলিম কেউই নিরাপদ নন। দেশে সম্প্রীতি বিনষ্ট করে যারা ক্ষমতার চেয়ারে পাকাপোক্তভাবে বসে থাকতে চায়, তাদের দমন করতে হবে। দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নিয়ে আমরা বাস করতে চাই না। আমরা চাই সম্প্রীতির বাংলাদেশ চাই৷ হিন্দু-মুসলিম যে-ই নির্যাতনের শিকার হোন না কেন, এর বিরুদ্ধে আমাদের একসঙ্গে আন্দোলন করতে হবে কারণ আমরা এই মাটিরই সন্তান।
পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন বলেন, আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় দেশে সাম্প্রদায়িক উসকানি ও মৌলবাদের কার্ড খেলে মানুষের ভোটাধিকার হরণ করেছে। আজকে দেশে মানুষের কথা বলার কোনো অধিকার নেই৷ বিচারহীনতা ও অপশাসনের কারণে আজকে দেশে মানুষের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। নড়াইলে পুলিশের উপস্থিতিতে একজন শিক্ষকের গলায় জুতার মালা পরানো হলো। এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে! দেশে আইনের শাসন ও ভোটাধিকার না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। গাফিলতির কারণে পুলিশ-প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও শাস্তির আওতায় আনতে হবে।
ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার নেতা জাহিদ আহসানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি তারেকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আসিফ মাহমুদ ও দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন বক্তব্য দেন।