১৭ বছরের কারাদণ্ড

অস্ত্র আইনের মামলায় এক সন্ত্রাসীকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম আলমগীর ওরফে আলম। গতকাল সোমবার সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সরকারি কৌঁসুলি রুবেল পাল প্রথম আলোকে বলেন, ১৫ বছর আগের অস্ত্র মামলায় আদালত আসামি আলমগীরকে অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছরসহ মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। তবে দুটি সাজা একসঙ্গে চলবে। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

সরকারি কৌঁসুলি জানান, ২০০০ সালের ২৮ জুন পূর্ব রাউজান থেকে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।