১৭ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শুরু হবে এবং ১৬ অক্টোবর সর্বশেষ হজ ফ্লাইটটি যাত্রীদের নিয়ে দেশে ফিরবে। আজ মঙ্গলবার বাংলাদেশ বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালন করতে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদিয়া এয়ারলাইনস নিজ নিজ উদ্যোগে এ হজ কার্যক্রম পরিচালনা করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বছর হজযাত্রীদের সুবিধার্থে ঢাকা ছাড়াও চট্টগ্রাম থেকে নির্ধারিত ১০টি হজ ফ্লাইট এবং সিলেট থেকে চারটি ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় মোট ৫ হাজার ১৮১ জন হজযাত্রী এবং অবশিষ্ট ৪৪ হাজার ৩৬৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় বিমানে জেদ্দা পৌঁছেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানের সর্বশেষ হজ ফ্লাইট বিজি-৮২০৩ গতকাল সোমবার ২১০ জন যাত্রী নিয়ে জেদ্দা পৌঁছে। গত ৪ আগস্ট থেকে শুরু হওয়া হজ অপারেশন-২০১৬–এর কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১১২টি ডেডিকেটেড এবং ৩২টি শিডিউল ফ্লাইটসহ ১৪৪টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে মোট ৪৯ হাজার ৫৪৫ জন হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে গেছেন।