২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় চার পুলিশের সাক্ষ্য

২১ আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলায় চার পুলিশ সদস্যের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক সাহেদ নূরউদ্দিন এই জবানবন্দি রেকর্ড করেন।

এ নিয়ে এই মামলার মোট ৪৯২ জন সাক্ষীর মধ্যে ২২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৭ মার্চ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আজ যে চারজন সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) কে এম তরিকুল ইসলাম, মো. আবুল কাশেম, শেখ মো. আখতারুজ্জামান ও তোতা মিয়া।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ লোক। ২০০৮ সালের ১১ জুন এ মামলায় ২২ জনকে আসামি করে সিআইডি প্রথম অভিযোগপত্র দেয়। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ আরও ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। মোট ৫২ আসামির মধ্যে তারেক রহমানসহ ১৯ জন পলাতক আছেন।


আরও পড়ুন:
২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার ‘শেষ’ হবে কবে?