গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আগামী ২২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরী এ দিনটি ধার্য করেন।
গতকাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা প্রতিবেদন দাখিল করতে পারেনি। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট মামলাটি তদন্ত করছে।
গত ১ জুলাই কূটনৈতিক এলাকা গুলশানের হলি আর্টিজনে জঙ্গিরা হামলা করে। তারা দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে। তখন অভিযান চালাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কয়েকজন সাক্ষী হিসেবে ইতিমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন।