ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদে (ইউপি) শিশুবান্ধব বাজেট ঘোষণা করা হয়েছে। এটি বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার বিশ্ব সাক্ষরতা দিবসে ৩০ নম্বর পূর্ব বাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ ছাত্রছাত্রীকে স্কুলব্যাগ ও টিফিনবক্স দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বলেন, ভবিষ্যতে ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়ালেখা ও খেলাধুলার উপকরণ, পোশাক, খাবার ও বিদ্যালয়ের আসবাব দেবে পরিষদ। স্থানীয় সরকারের সহায়তা প্রকল্প (এজিএসপি)-২ ও স্থানীয় ব্যক্তিদের অনুদানে এ বাজেট বাস্তবায়ন করা হবে। দেশে এই প্রথম কোনো ইউপিতে শিশুবান্ধব বাজেট বাস্তবায়ন করা হচ্ছে।
গতকাল দুপুর ১২টায় ৩০ নম্বর পূর্ব বাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলব্যাগ ও টিফিনবক্স পেয়ে শিক্ষার্থীরা খুব খুশি।
তৃতীয় শ্রেণির সাজ্জাদ হোসেন বলে, ‘আমরা গ্রামে থাকি। জোয়ার-বন্যার পানিত প্রায়ই বই ভিজি যায়, স্কুলব্যাগ পাওনে আমরা খুশি।’ এ সময় একই শ্রেণির জান্নাতুল মাওয়া ও বন্যা রানি দে, প্রথম শ্রেণির মো. তামিম, দ্বিতীয় শ্রেণির উম্মে হালিমা, ফাহিমাসহ শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।
এ উপলক্ষে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক সভাপতিত্ব করেন। স্কুলব্যাগ বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম খলিলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।