সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশের এক বছরের বেশি সময় পর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩৪৩ জন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) নিয়োগের গেজেট অবশেষে প্রকাশ করা হলো। গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা-২ অধিশাখা থেকে গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে আগামী ৬ ডিসেম্বর ওই কর্মকর্তাদের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। এই চিকিৎসকেরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেড দিয়ে চাকরি শুরু করবেন।
চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার: উত্তীর্ণ হলেও চাকরি হচ্ছে না ৩৮৩ চিকিৎসকের’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।
২০১৪ সালের ৭ মে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫৩৫টি চিকিৎসা কর্মকর্তার স্থায়ী শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। দেড় বছরের প্রক্রিয়া শেষে গত বছরের ১২ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ প্রার্থীদের এ বছরের ১ থেকে ৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়। এরপর জানানো হয়, শিগগিরই নিয়োগ হবে। অবশেষে গতকাল গেজেট প্রকাশের মধ্য দিয়ে তাঁরা নিয়োগ পেলেন।