নোয়াখালী পৌরসভা নির্বাচন সামনে রেখে ‘নাগরিক ইশতেহার’ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ‘নোয়াখালী নাগরিক অধিকার মোর্চা’ নামের একটি সংগঠন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করে। ইশতেহারে বলা হয়, পরিকল্পনাহীনতা-অযত্ন-অবহেলা ও সম্পদের অপব্যবহারের কারণে সম্ভাবনার এই শহরটি মানুষের কাছে স্বপ্নের শহর হয়ে গড়ে ওঠেনি। সীমিত নাগরিক পরিষেবা, নেতৃত্বের জনবিচ্ছিন্নতা ও দুর্বলতা এর বড় কারণ। মাইজদীর শহীদ মিনার-সংলগ্ন মৌমাছি কচি-কাঁচার মেলা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের এই নাগরিক ইশতেহার উপস্থাপন করেন নোয়াখালী নাগরিক মোর্চার যুগ্ম আহ্বায়ক আইনজীবী মোল্লা হাবিবুর রাছুল। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন। উপস্থিত ছিলেন মহিউদ্দিন, এমদাদ হোসেন কৈশোর, মুশফিক তানভির প্রমুখ। নোয়াখালী অফিস|