‘পরিবহনশ্রমিকেরা ঘাতক নন, সেবক। দুর্ঘটনা রোধে চালককে সতর্ক থাকতে হবে’—এ কথা বলে ১৯ দফা দাবি জানিয়েছেন নোয়াখালীর সড়ক পরিবহনশ্রমিকেরা। দাবি আদায়ে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী শহরে পৃথক মানববন্ধন ও সমাবেশ করেছে সড়ক পরিবহনশ্রমিকদের বিভিন্ন সংগঠন।বেলা ১১টার দিকে চৌমুহনী ডিবি রোডে রাস্তার দুই পাশে মানববন্ধন করেন সড়ক পরিবহনশ্রমিকেরা। এ সময় তাঁরা ১৯ দফা দাবি বাস্তবায়নে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে: প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ শেষে চালকদের লাইসেন্স দেওয়া, ভুয়া লাইসেন্স প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বেপরোয়াভাবে গাড়ি চালানো বন্ধে চালকদের পাশাপাশি যাত্রীদেরও সচেতনতা বাড়ানো। এ ছাড়া খানাখন্দ মেরামতসহ নিয়মিত সড়ক-মহাসড়ক সংস্কার, মহাসড়কে ধীরগতির ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা।মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী জেলা মালবাহী ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহার।একই সময় মাইজদীর প্রধান সড়কেও মানববন্ধন করে বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস চালক শ্রমিক ইউনিয়ন। এখানেও দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হওয়া, চালকেরা ঘাতক নন, সেবকসহ বিভিন্ন দাবিসংবলিত ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন বাস, মিনিবাস ও মাইক্রোবাস চালক, শ্রমিক সংগঠনের নেতারা।