'লন্ড্রি সার্ভিস'

পোশাক থেকে শুরু করে চাল, ডাল—সবই এখন কেনা যায় ঘরে বসে। ‘হোম সার্ভিস’ নামের ব্যবস্থার কল্যাণে কেনাকাটার পাশাপাশি অনেক সেবাও পৌঁছে যাচ্ছে ঘরে। এরই ধারাবাহিকতায় ঢাকার কয়েকটি লন্ড্রি এখন পোশাক-আশাক ধোলাই ও ইস্তিরি সম্পন্ন করে পৌঁছে দিচ্ছে গ্রাহকের ঘরে।
বাসায় কাপড় ধোয়া ও শুকানো অনেক ক্ষেত্রেই বেশ ঝামেলার কাজ। গজ, ফুটে মাপা শহুরে বাসায় ভেজা কাপড় মেলে দেওয়ার জায়গার অভাবে অনেকে ঘরের মধ্যেই তার টানিয়ে ফ্যান চালিয়ে কাপড় শুকান। আবার ঠিকমতো পরিষ্কার করা, কাপড়ের রং ঠিক রাখা এসবও বেশ শ্রম, সময় ও যত্নসাধ্য বিষয়। সর্বোপরি আছে ইস্তিরি করার জন্য সেসব কাপড় নিয়ে আবার পাড়ার মোড়ের ধোলাইয়ের দোকানে ছোটাছুটির পর্ব। এসব ঝুটঝামেলা থেকে মুক্তি দিতেই হোম সার্ভিসের ব্যবস্থা করেছে লন্ড্রি সেবা প্রদানকারী এসব প্রতিষ্ঠান।
‘ওয়াশ আউট লন্ড্রি সার্ভিস’ যাত্রা শুরু করে ২০১৫ সালে। বর্তমানে ঢাকায় ওয়াশ আউটের আছে ২৭টি শাখা। এটি ভূঁইয়া গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শামীম আহসান বলেন, বিদেশে লন্ড্রি সেবা অনেক উন্নত। বাংলাদেশে এ ধরনের সেবা কিছুটা পিছিয়ে। লন্ড্রির হোম সার্ভিস পুরো নতুন একটি ধারণা।
ওয়াশ আউট বিনা মূল্যে হোম সার্ভিস সুবিধা দিয়ে থাকে। এর জন্য তাদের কলসেন্টারে যোগাযোগ করে নিবন্ধন করতে হয়। সর্বনিম্ন পাঁচটি কাপড় হলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় এসে কাপড় নিয়ে যান। বর্তমানে ঢাকায় আটজন কর্মী মোটরসাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে কাপড় সংগ্রহ ও পৌঁছে দেওয়ার কাজ করছেন। এখানে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও পাজামা সাধারণ ধোয়া থেকে ইস্তিরি করা পর্যন্ত খরচ প্রতিটি ৬০ টাকা। শাড়ি ১৪০ টাকা থেকে শুরু।
ধানমন্ডির ১৪ নম্বর (নতুন) রোডের বাসিন্দা রোজি পারভীন কয়েক মাস ধরে লন্ড্রির হোম সার্ভিস নিচ্ছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার সময় বেঁচে যাচ্ছে। লন্ড্রিতে কাপড় দিয়ে আসা, নিয়ে আসার ঝামেলা হচ্ছে না। খরচও অন্যান্য লন্ড্রির মতো। আবার নিয়মিত গ্রাহক হওয়ায় কিছু ছাড়ও দিচ্ছে।’
মিরপুর এলাকায় বিনা মূল্যে বাড়ি থেকে কাপড় নিয়ে আসা ও পৌঁছে দেওয়ার সেবা দিচ্ছে ‘এক্সপার্ট ক্লিন লন্ড্রি’। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা নারায়ণ দাশ বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে এক্সপার্ট ক্লিন অনলাইন লন্ড্রি সার্ভিস। প্রতি কেজি কাপড় ৯৯ টাকা হিসেবে ধোয়া ও ইস্তিরি করার খরচ দিতে হয়।
এসব প্রতিষ্ঠান কাপড় ধোয়ার ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করা তরল ‘ডিটারজেন্ট’ আর আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে। দৈনিক ব্যবহৃত কাপড় ঘরে না ধুয়ে একের ভেতর সব অর্থাৎ ধোয়া, শুকানো ও ইস্তিরি করা—একসঙ্গে নিয়ে আসতে চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। প্রতিযোগিতামূলক বাজার হওয়ায় খরচ সীমিত রাখছে তারা।
বসুন্ধরা ও বারিধারা এলাকায় লন্ড্রির হোম সার্ভিস সুবিধা দিচ্ছে ‘সব সময় লন্ড্রি সার্ভিস’। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, এই বছরের শুরুর দিকে হোম সার্ভিস সেবার যাত্রা শুরু। ছয়জন কর্মী বাড়ি গিয়ে কাপড় নিয়ে আসেন। এ জন্য গ্রাহকদের বাড়তি কোনো খরচ দিতে হচ্ছে না। এখানে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও পাজামা সাধারণ ধোয়া থেকে ইস্তিরি করা পর্যন্ত খরচ প্রতিটি ৩৫ টাকা। শাড়ি ১৮০ টাকা থেকে শুরু।