লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের নিজস্ব বাহিনীর মতো কাজ করছে পুলিশ। বর্তমানে পুলিশের কাজ হচ্ছে, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া, বিরোধী দলের সমাবেশের আগে ঘরে ঘরে তল্লাশি চালানো।গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে কর্মিসভায় এসব কথা বলেন অলি আহমদ। তিনি বলেন, এ দেশে জরুরি প্রয়োজন বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা। শিল্প-কলকারখানা বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। বেহাল সড়কের কারণে বাড়ছে দুর্ঘটনা। অলি আহমদ আরও বলেন, ‘বর্তমান সরকার হামলা, মামলা ও গুমের রাজনীতি করছে। যখন আমি এই সরকারের দুর্নীতির সমালোচনা করিনি, তখন আমি তাঁদের দৃষ্টিতে ভালো ছিলাম। যখন থেকে সরকারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, তখন থেকেই আমার বিরুদ্ধে নানা হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া শুরু হয়।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা এলডিপির সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ইয়াকুব আলী, কফিল উদ্দিন, সোহেল আরিফ প্রমুখ।