রাজধানীর গুলশান এলাকার সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী একই স্কুলের দশম শ্রেণির ছাত্রের হাতে ধর্ষণের শিকার হয়। এ ঘটনা মুঠোফোনে ভিডিও করে ওই ছাত্রীকে জিম্মি করে গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ৪ জুলাইয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ওই ছাত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই কিশোরকে গ্রেপ্তার করে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ প্রথম আলোকে বলেন, উঠতি বয়সী অনেক কিশোর-কিশোরীর হাতে মুঠোফোন। প্রেমের ফাঁদে ফেলে কিশোরীর সঙ্গে একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করে ওই ছাত্র। পরে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে আরও কয়েকবার তাকে ধর্ষণ করা হয়।
চলতি বছরের জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নারীর একান্ত মুহূর্তের ভিডিও ফাঁসের অভিযোগে রাজধানীতে ১১২টি মামলা হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হন ৩৮ নারী। এসব ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
প্রযুক্তির এই যুগে পর্নোগ্রাফি অপরাধ বহুগুণ বেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের পাশাপাশি শিক্ষার্থী ও তরুণীদের অনলাইনে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। অভিভাবকদেরও সচেতন হতে হবে। নইলে এই অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হবে।আজাদ রহমান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার
মামলা পর্যালোচনা, তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় যুক্ত পুলিশ, আইনজীবী এবং সরকারি কৌঁসুলিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০–১৫ বছর আগে একই সঙ্গে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা তেমন হতো না। কয়েক বছর ধরে নারীদের ধর্ষণের দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা বেড়েই চলেছে। ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণের শিকার হয়ে অনেক নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর সরকারি কৌঁসুলি (পিপি) এম এ বারী প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে বেশির ভাগ ক্ষেত্রে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে নারীদের চরম বিপদে ফেলছে একদল অপরাধী। দিন দিন এমন ঘটনা বেড়েই চলেছে।
যৌন সহিংসতার শিকার নারী ও শিশুর মামলা নিয়ে এক যুগ ধরে কাজ করছেন মানবাধিকারকর্মী ফাহমিদা আক্তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) এই আইনজীবী বলেন, বর্তমানে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তৈরি পোশাককর্মীসহ নানা পেশার নারী ধর্ষণের শিকার হচ্ছেন। আবার এসব ধর্ষণের ভিডিও ফেসবুক, ইমু, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন পর্নো সাইটে প্রকাশ করছে অপরাধীরা।
সংঘবদ্ধ চক্রের সদস্যরা পর্নো ভিডিও এমনকি শিশু পর্নো ভিডিও সংগ্রহ করে তা বিক্রি করে আসছিল।মোহাম্মদ নুরুল্লাহ, মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক (এসআই)
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক তরুণী রাজধানীতে একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই কারখানার কর্মী সাইফুল ইসলামের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। বিয়ের আশ্বাস দিয়ে গত ২ জুলাই দক্ষিণখানে একটি বাসায় নিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সাইফুল। তিনি গোপনে এর ভিডিও করেন। ওই তরুণী বিষয়টি জানতে পেরে তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন। তবে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় গত ৫ আগস্ট তরুণী বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে মামলা করেন।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী প্রথম আলোকে বলেন, এখন ধর্ষণের পাশাপাশি পর্নোগ্রাফির অপরাধ মাত্রা ছাড়িয়েছে। তিনি ১০ থেকে ১৫ ভুক্তভোগী নারীর সঙ্গে সম্প্রতি কথা বলেছেন। বেশির ভাগ নারী বলেন, প্রেমিক, কাছের বন্ধু বা পরিচিতজন গোপনে একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করেন। সম্পর্ক খারাপ হলে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে তাঁদের ধর্ষণ করা হয়। এমনকি কোনো কোনো ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে এই অভিযোগে মামলা করেছেন।
রাজধানীর বিভিন্ন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের ৭৪টি মামলার কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, ভুক্তভোগী বেশির ভাগ নারীর সঙ্গে আসামিদের পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে। পরিচয়ের পর মুঠোফোন নম্বর বিনিময় হয়।
পরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে ভিডিওতে কথা বলেন। পরে নারীকে প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে তাঁরা একান্ত মুহূর্তে কথা বলেন। কোনো কোনো পুরুষ গোপনে সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করেন। পরে সম্পর্ক খারাপ হলে সামাজিক মাধ্যমে ফাঁসের হুমকি দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রকাশও করা হয়। মানসিকভাবে বিপর্যস্ত নারী তখন নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান প্রথম আলোকে বলেন, প্রযুক্তির এই যুগে পর্নোগ্রাফি অপরাধ বহুগুণ বেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের পাশাপাশি শিক্ষার্থী ও তরুণীদের অনলাইনে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। অভিভাবকদেরও সচেতন হতে হবে। নইলে এই অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হবে।
৩০০ থেকে ৪০০ পর্নো ভিডিও বিক্রির সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গত মাসে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। চক্রটি অনলাইনে দীর্ঘদিন ধরে পর্নো ভিডিও বিক্রি করে আসছিল।
মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল্লাহ প্রথম আলোকে বলেন, সংঘবদ্ধ চক্রের সদস্যরা পর্নো ভিডিও এমনকি শিশু পর্নো ভিডিও সংগ্রহ করে তা বিক্রি করে আসছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নেহাল করিম প্রথম আলোকে বলেন, যারা নারীর একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করে; পরে তা প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণ করে, তাদের দ্রুত বিচার করে সাজা নিশ্চিত করতে হবে। এ ব্যাপার সরকারকে পদক্ষেপ নিতে হবে।
নেহাল করিম বলেন, অ্যাসিড নিক্ষেপের মতো অপরাধ নিয়ন্ত্রণ করা গেলে এই অপরাধ কেন নিয়ন্ত্রণ করা যাবে না?