সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি উপকমিটি

আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৩-২৪) নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন পরিচালনার জন্য পাল্টাপাল্টি উপকমিটি ঘোষণা করেছেন আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থিত আইনজীবীরা।

সমিতির বর্তমান সম্পাদক মো. আবদুন নূর (আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত) আইনজীবী শাহ খসরুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের উপকমিটি ঘোষণা করেছেন। উপকমিটির বিষয়টি জানিয়ে সমিতির সম্পাদক মো. আবদুন নূর আজ রোববার প্রথম আলোকে বলেন, ২৩ ফেব্রুয়ারি সমিতির কার্যকরী কমিটির সভায় ১৪ সদস্যের উপস্থিতিতে এ উপকমিটি হয়েছে।

এদিকে আজ সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরেকটি উপকমিটির তথ্য জানান বিএনপিপন্থী আইনজীবীরা। নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করে সমিতির সিনিয়র সহসম্পাদক মাহফুজ বিন ইউসুফ (বিএনপি–সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত) সংবাদ সম্মলনে বলেন, ২৩ ফেব্রুয়ারি সমিতির কার্যকরী কমিটির সভায় তাঁরা (সাতজন) কয়েকজন সদস্যের সমন্বয়ে নির্বাচন উপকমিটি গঠনের প্রস্তাব করেন। গঠনতন্ত্র অনুযায়ী সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

সভাপতি এক, সহসভাপতি দুটি, সম্পাদক একটি, কোষাধ্যক্ষ একটি, সহসম্পাদক দুটি এবং সদস্য সাতটি পদসহ ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হয়ে থাকে। গত নির্বাচনে (২০২২-২৩) সভাপতি, সম্পাদকসহ সাতটি পদে জয় পান আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীরা। অপর সাতটি পদে জয় পান বিএনপি–সমর্থিত আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহফুজ বিন ইউসুফ দাবি করেন, তাঁরা সমিতির কার্যকরী কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ ছিলেন। তাই সংখ্যালঘিষ্ঠ সদস্যদের সমর্থনে বিতর্কিত ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন উপকমিটি গঠনের প্রস্তাব গঠনতন্ত্র অনুযায়ী অনুমোদিত হয়নি। আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান নেতৃত্বে গঠিত সাত সদস্যের উপকমিটি নির্বাচন–সংশ্লিষ্ট সব কাজ সম্পাদন করবে।

সংবাদ সম্মেলনে সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান, সদস্য মাহদিন চৌধুরীসহ কার্যকরী কমিটিতে থাকা বিএনপি–সমর্থিত ছয় সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে সমিতির সম্পাদক ও সভাপতির কক্ষের সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা জড়ো হয়ে পক্ষে-বিপক্ষে স্লোগান দেন।

জানতে চাইলে সমিতির বর্তমান সম্পাদক মো. আবদুন নূর প্রথম আলোকে বলেন, ২৩ ফেব্রুয়ারি সমিতির কার্যকরী কমিটির সভায় ১৪ সদস্যের উপস্থিতিতেই আইনজীবী শাহ খসরুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন উপকমিটি গঠন করা হয়। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আইনজীবী শাহ খসরুজ্জামানের নেতৃত্বে উপকমিটি নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।