
রাজনৈতিক দল হিসেবে ‘জাতীয় জনতা পার্টিকে’ নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল দেন।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করেছিল জাতীয় জনতা পার্টি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে দলটির গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ে কমিটির সদস্য নির্বাচিত করার বিধান না রাখাসহ কয়েকটি দিক বিবেচনায় দলটির নিবন্ধন আবেদন নামঞ্জুর করে ইসি।
ইসির গত ১০ এপ্রিলের এ-সংক্রান্ত চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী ২০ জুলাই রিট করেন।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবীর আকন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মুজিবুল হক।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।
পরে দলটির সহসভাপতি ও আইনজীবী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, আইন ও বিধি অনুসারে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সব শর্ত পূরণ স্বত্বেও জাতীয় জনতা পার্টিকে ইসির নিবন্ধন না দেওয়ার বৈধতা নিয়ে রিটটি করা হলে আদালত রুল দেন।
স্থানীয় সরকার সচিব, ইসি, ইসির সচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী মুজিবুল হক।