বিএনপির নেতা ইশরাকের ছোট ভাই ৫ দিনের রিমান্ডে

বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকা, ২৯ অক্টোবর
ছবি: দীপু মালাকার

বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনকে জিজ্ঞাসাবাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলা তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার রাতে আদালতে হাজির করে পুলিশ।

আদালত সূত্র জানায়, ইশফাককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রশিদুল আলম আবেদনের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ রোববার বেলা ১১টার দিকে ইশরাক হোসেনের গুলশানের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা ইশরাকের বাসায় ঢুকে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। এ সময় ইশরাককে না পেয়ে দুপুর সাড়ে ১২টার সময় তাঁর ছোট ভাই ইশফাক এবং গাড়িচালক রাজীবকে আটক করে নিয়ে যায়।