ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৫৬ জন

হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী
ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এ রোগে প্রাণ হারালেন ২৬৬ জন। আর চলতি বছর প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪৬।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আজ রোববার বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা) ডেঙ্গুতে ঢাকায় দুজন এবং ঢাকার বাইরে সাতজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৪৬ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৫ হাজার ৫৩০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। তখন ডেঙ্গুর চিকিৎসা ও ব্যবস্থাপনা অনেকের কাছে নতুন ছিল। ওই বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়। করোনা মহামারির আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিলেন, মারা যান ১৭৯ জন। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। চলতি বছর মৃত্যুর সংখ্যায় এবং সংক্রমণের সংখ্যায় আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।