দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় গত মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি নির্দেশনা পত্র দিয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান আজকে মন্ত্রণালয় এই নির্দেশনাপত্রটি বাতিল করেছে।
জানা গেছে, গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (তিনটি বইয়ের সমন্বয়ে) ১ সেট বই সংরক্ষণ’ নামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর নির্দেশনাপত্র দেয়। সেখানে ওপরের তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল।