
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শিকল ভাঙার গান’ শিরোনামে একটি পথনাটক প্রদর্শিত হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এই নাটকের আয়োজন করে।
সাম্প্রতিক সময়ে দেশে নারীদের ওপর ঘটে যাওয়া সহিংসতা, ধর্ষণ, খুন ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের প্রেক্ষাপটে নাটকটি মঞ্চস্থ হয়। অভিনয়ের মাধ্যমে সমাজে নারীর নিরাপত্তাহীনতা, বৈষম্য ও জীবনসংগ্রামের বাস্তব চিত্র দর্শকদের সামনে তুলে ধরেন সংগঠনের কর্মীরা। একই সঙ্গে একটি মানবিক ও সমতাপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানানো হয় নাটকে।
সংগঠনটির সদস্যদের প্রাণবন্ত অভিনয় ও জোরালো সংলাপের মাধ্যমে ফুটে ওঠে বর্তমান সময়ের নানা অসংগতি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা ভিড় করে এই পথনাটক উপভোগ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিকুর রহমান ত্বহা বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবস আমাদের কাছে কেবল উদ্যাপনের উপলক্ষ নয়; বরং সমাজের বাস্তবতাকে নতুন করে ভাবার সময়। সাম্প্রতিক সময়ের ধর্ষণের ঘটনা, নারীর প্রতি অবমাননাকর মন্তব্য ও ধর্মীয় কূপমণ্ডূকতার প্রকাশ আমাদের মনে করিয়ে দেয় যে মানসিকতা পরিবর্তনের সংগ্রাম এখনো শেষ হয়নি।’ তিনি আরও বলেন, এই নাটকের মাধ্যমে তাঁরা নারীর প্রতি বিরূপ আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।