রেলওয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করেন তাঁরা

রেলওয়ে কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার পাঁচজন
ছবি সংগৃহীত।

রেলওয়ের কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করেন তাঁরা। ঢাকা ও চট্টগ্রাম রেলওয়ের কার্যালয়ের ভেতরে পুরোনো মালামাল (স্ক্রাপ) দরপত্র পাইয়ে দেওয়ার কথা বলে নগদ টাকা নিয়ে নেন। পরে মুঠোফোন বন্ধ করে উধাও হয়ে যান। চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য জানতে পারে পুলিশ।

গ্রেপ্তার পাঁচজন হলেন, নুরুল হক, আবদুল গফুর, নাদেরুজ্জামান, আবদুল্লাহ আল মামুন ও মোজাহেরুল হক। গত সোমবার রাতে নগরের আকবর শাহ থানার ইস্পাহানি সি গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে খুলশী থানা-পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, আবু নাছের নামের এক ব্যক্তিকে রেলওয়ে কর্মকর্তার পরিচয় দিয়া খুলশী থানাধীন পাহাড়তলী রেলওয়ে কার্যালয়ের ভেতরে থাকা পুরোনো ব্যাটারি কেনার দরপত্র পাওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা প্রতারণার মাধ্যমে গত ২৬ মে হাতিয়ে নেওয়া হয়।

এই ঘটনায় করা মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার আসামিরা স্বীকার করেন, তাঁরা রেলওয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে রেলওয়ের কার্যালয়ে ঢুকে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাঁরা পুরোনো ব্যাটারি, পোড়া মবিলসহ অন্যান্য সামগ্রী দরপত্রের মাধ্যমে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে নেন।

পরে মুঠোফোন বন্ধ করে দেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চট্টগ্রামের বন্দর, আকবর শাহ, ঢাকার রামপুরা, শাহজাহানপুর, দারুস সালাম নীলফামারীর সৈয়দপুর থানায় ১০টি মামলা রয়েছে।