
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন।
বঙ্গবন্ধুর সমাধিতে সকালে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী ফাতিহা পাঠ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু এবং অন্য শহীদদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন।
শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা তাঁর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পদ্মা বহুমুখী সেতু পার হয়ে সকাল ১০টা ১০ মিনিটে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া যাওয়ার পথে পদ্মা সেতুতে ১৭টি গাড়ির টোল দিয়েছেন জাতির জনকের ছোট মেয়ে শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর আজ বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।