আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এফআইআর ও তদন্ত কার্যক্রম বাতিল চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ঘিরে ২০১৮ সালে শহিদুল আলমের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলাটি করা হয়। আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী কাজী জাহেদ ইকবাল, আবদুল্লাহ আল নোমান ও প্রিয়া আহসান চৌধুরী।
পরে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন প্রথম আলোকে বলেন, ‘শহিদুল আলমের বিরুদ্ধে ২০১৮ সালের আগস্টে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা হয়। ওই বছরের অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন হয়। নতুন আইন অনুসারে আগের আইনের ৫৭ ধারার করা যেসব মামলার তদন্ত শেষ হয়নি, সাইবার ট্রাইব্যুনালে সূচিত/গৃহীত হয়নি বা বিচারাধীন নয়—সে মামলাগুলো চলবে না। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সময় শহিদুল আলমের বিরুদ্ধে আগের আইনের ৫৭ ধারায় করা মামলাটি তখন তদন্তাধীন ছিল। যে কারণে এই মামলা চলতে পারে না। আদালত শুনানি নিয়ে রুল দিয়ে তদন্ত কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় শহিদুল আলমের বিরুদ্ধে ২০১৮ সালের ৬ আগস্ট রমনা থানায় মামলাটি হয়। ২০১৮ সালের ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৬ আগস্ট পুলিশ তাঁকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার দেখায়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগ তুলে তথ্যপ্রযুক্তি আইনের ওই মামলায় শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলায় ১০৭ দিন কারাভোগের পর শহিদুল আলম একই বছরের ২০ নভেম্বর জামিনে মুক্তি পান।
২০১৮ সালের অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়। এ অবস্থায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে থাকা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় ওই মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৯ সালের ৩ মার্চ রিট করেন শহিদুল আলম। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট একই বছরের ১৫ মার্চ রুল দিয়ে তদন্ত কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন। ২০২১ সালের ১৩ ডিসেম্বর হাইকোর্ট শহিদুল আলমের করা রিট খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন তিনি। এই লিভ টু আপিল খারিজ করে ২০২২ সালের ২৭ নভেম্বর আদেশ দেন আপিল বিভাগ।
এ অবস্থায় এফআইআর ও তদন্ত কার্যক্রম বাতিল চেয়ে গত আগস্টে হাইকোর্টে আবেদন করেন আলোকচিত্রী শহিদুল আলম, যার ওপর শুনানি নিয়ে আজ রুলসহ আদেশ দেওয়া হয়।