
আধুনিক বিপণনের জনক, তথা বিপণনশাস্ত্রের বিশ্বগুরুখ্যাত ফিলিপ কটলার ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ বইয়ের বাংলাদেশ সংস্করণে কেস স্টাডি হিসেবে জায়গা পেয়েছে ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ। পাশাপাশি ফিলিপ কটলারের বইটিতে সহলেখক হিসেবে কাজ করেছেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
সম্প্রতি ফিলিপ কটলারের প্রতিষ্ঠান কটলার ইমপ্যাক্ট ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের স্ট্র্যাটেজিক পার্টনার (বাংলাদেশ) নর্দার্ন এডুকেশন গ্রুপ এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই মডার্ন মার্কেটিংয়ের ওপর রচিত বইটিকে দেশের সব বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থী ও করপোরেটদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
মার্কিন অধ্যাপক ফিলিপ কটলার ও তাঁর সহযোগীদের সমন্বয়ে নতুন মাত্রায় প্রকাশিত হতে যাচ্ছে ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ বইটি। যেখানে বিশ্বব্যাপী স্ব-স্ব প্রতিষ্ঠানগুলোর একাডেমিক কেস স্টাডি সংযোজিত হবে। বাংলাদেশ থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ, আইসিটি ডিভিশন, ভূমি মন্ত্রণালয়, গ্রামীণফোনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এই বইতে তাদের কেসগুলো সংযোজন করার সুযোগ পেয়েছে।
বিপণনবিশেষজ্ঞ ফিলিপ কটলারের ‘মার্কেটিং ম্যানেজমেন্ট’ হলো বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত একটি বই। এ ছাড়া কটলারের ওয়ার্ল্ড মার্কেটিং সামিটও বর্তমান বিশ্বে মার্কেটিং–সম্পর্কিত সবচেয়ে বড় ইভেন্ট। যেখানে গত বছরও বাংলাদেশের ২০ লাখের বেশি শিক্ষার্থী এই ইভেন্টে অংশগ্রহণ করেছেন।
বিপণনবিশেষজ্ঞ ফিলিপ কটলারের ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ বইটিতে আপ-টু-ডেট ও ইনসাইটফুল মার্কেটিং ইস্যুগুলো উঠে এসেছে। এ ছাড়া বইটিতে পণ্য বিপণনের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কীভাবে বিভিন্ন টুল বা কৌশল ব্যবহার করা যায়, যা ভবিষ্যতে মার্কেটিংকে প্রভাবিত করতে সক্ষম হবে। বইটি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, প্রতিষ্ঠানে কর্মরত ব্যবস্থাপক, প্রফেসর ও শিক্ষার্থীদের বেশি কাজে আসবে।
‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ বাংলাদেশ সংস্করণে নগদ মূলত জায়গা করে নেয় প্রতিষ্ঠানটির ইনোভেটিভ মার্কেটিংসহ সময়োপযোগী সব উদ্ভাবনের ফলে। এরই উদাহরণস্বরূপ গত বছর দেশের ক্রিয়েটিভ কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কমওয়ার্ড-এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে নগদ।
এ ব্যাপারে তানভীর এ মিশুক বলেন, ‘এমন একটি অর্জন আমাদের জন্য অনেক বেশি গর্বের ও অনুপ্রেরণার। মাত্র সাড়ে তিন বছরে নগদ দেশের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসকে যে জায়গায় নিয়ে গেছে, সেটিরই স্বীকৃতি মার্কেটিংয়ের গুরু ফিলিপ কটলারের বইয়ে নগদের স্থান করে নেওয়া। এত বড় একজন মানুষের সঙ্গে কেস স্টাডি নিয়ে কাজ করতে পেরে আমি নিজেও অনেক বেশি ঋদ্ধ হয়েছি ও আনন্দিত হয়েছি।’ বিজ্ঞপ্তি