তারেক রহমানের বক্তব্য সরানোর আদেশে ঢাবি সাদা দলের উদ্বেগ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে হাইকোর্ট থেকে আদেশ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে আদালতের এই আদেশ প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ পলাতক অবস্থায় তারেক রহমানের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর আদেশ দেন। আইনের দৃষ্টিতে পলাতক অবস্থায় তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে বিটিআরসির কার্যকর পদক্ষেপ চেয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার সাদা দলের বিবৃতিতে বলা হয়, তারেক রহমানের বক্তব্য সরাতে হাইকোর্টের একটি বেঞ্চের দেওয়া আদেশে আমরা গভীর উদ্বেগ প্রকাশ ও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ আমরা মনে করি, এ ধরনের আদেশ উদ্দেশ্যপ্রণোদিত এবং সরকারের রাজনৈতিক স্বার্থ হাসিলের সহায়ক। তাই এ আদেশ প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি।

সাদা দলের অভিযোগ, সরকার ও আওয়ামী লীগ জিয়া পরিবারকে রাজনীতি থেকে বিযুক্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকার ও আওয়ামী লীগের প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।