মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের রায়পুর এলাকার মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া এলাকার মো. শামছুদ্দিনের ছোট ছেলে মো. সুমন (২৮) ও বড় ছেলে মো. শেখ ফরিদ (৩০)। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

এই দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সদস্যসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, রাত ১১টার দিকে সোনাপাহাড় এলাকায় যাত্রীবাহী একটি বাস ও লরির মধ্যে সংঘর্ষ হলে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তখন রাস্তার পাশে থেমে থাকা লরিটির পেছনে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে পেছনে দাঁড়ানো চার ব্যক্তি নিহত হন। এ সময় পুলিশের দুই সদস্যসহ আরও চারজন আহত হন। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িই হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আর্যরাজ দত্ত প্রথম আলোকে বলেন, সোনাপাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনসহ সাতজনকে এখানে আনা হয়েছে। গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।