আইপিডির নগর সংলাপ

ঢাকায় ২০% হারে বাড়ছে এসি, বাড়ছে তাপমাত্রা

এসির ব্যবহারসংক্রান্ত নীতিমালা করে তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসে রাখার পক্ষে অভিমত।

  • বিদ্যুতের চাহিদা বাড়ার পাশাপাশি ঢাকা শহরের তাপমাত্রাও দিন দিন বাড়ছে।

  • ভবনে প্রাকৃতিক আলো-বাতাস ঢোকার ব্যবস্থা রাখতে পারলে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদাও কমানো সম্ভব।

রাজধানীর গুলিস্তানে স্টেডিয়াম মার্কেটের একটি বিক্রয়কেন্দ্রে এসি দেখছেন ক্রেতারা

ঘরের উষ্ণতা কমানোর জন্য ব্যবহার করা হয় শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্র। আবার এই যন্ত্রের (আউটডোর ইউনিট) কারণেই ঘরের বাইরের তাপমাত্রা বাড়ে। ঢাকায় প্রতিবছর ২০ শতাংশ হারে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ছে। এতে বিদ্যুতের চাহিদা বাড়ার পাশাপাশি ঢাকা শহরের তাপমাত্রাও দিন দিন বাড়ছে।

গতকাল শুক্রবার সকালে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত ভার্চ্যুয়াল নগর সংলাপে এ মত দেওয়া হয়। ‘ভবনে এসি ব্যবহারজনিত বিদ্যুৎ–চাহিদা ও নগরের তাপমাত্রা বৃদ্ধি: টেকসই ভবন ও শহর বিনির্মাণে করণীয়’ শীর্ষক সংলাপে বক্তারা বলেন, দেশের বর্তমান বাস্তবতায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। কিন্তু যন্ত্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে বিদ্যুতের চাহিদা কমানো সম্ভব; আর ভবনে প্রাকৃতিক আলো-বাতাস ঢোকার ব্যবস্থা রাখতে পারলে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদাও কমানো সম্ভব।

নগর সংলাপে আইপিডির তত্ত্বাবধানে পরিচালিত এসি ব্যবহারসংক্রান্ত একটি গবেষণার সারাংশ উপস্থাপন করা হয়। পরিকল্পনাবিদ রেদওয়ানুর রহমান গবেষণাটি করেছেন। গবেষণার সারাংশ উপস্থাপন করেন আইপিডির নির্বাহী পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান।

সঠিক পরিকল্পনা ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে এসির ব্যবহার সীমিত করে সারা দেশের বিদ্যুতের চাহিদা বহুলাংশে কমানো সম্ভব।
আদিল মুহাম্মদ খান, নির্বাহী পরিচালক, আইপিডি

গবেষণায় বাংলাদেশে গত ছয় বছরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বিক্রির তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, সারা দেশে আনুমানিক ২৮ লাখ ইউনিট শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রগুলো গড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈনিক ৮ ঘণ্টা করে চালালে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালালে অন্তত ২৫ শতাংশ বিদ্যুতের ব্যবহার কমানো সম্ভব। এ ছাড়া এই যন্ত্রগুলো নগরের উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী বলে উল্লেখ করা হয়।

সংলাপে আদিল মুহাম্মদ খান বলেন, কার্যকর নগর-পরিকল্পনা, ইমারত বিধিমালা এবং এসি ব্যবহারের সঠিক নীতিমালা থাকলে এসির ব্যবহার কমানোর পাশাপাশি বিদ্যুতের ওপর চাপ বহুলাংশে কমানো যেত। শুধু ঢাকা শহরেই প্রতিবছর এসির ব্যবহার ২০ শতাংশ হারে বাড়ছে। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন করে এসির ব্যবহার সীমিত করার মাধ্যমে সারা দেশের বিদ্যুতের চাহিদা বহুলাংশে কমানো সম্ভব। এসির আউটডোর ইউনিটের কারণে পরিবেশের তাপমাত্রা বাড়ে উল্লেখ করে আদিল মুহাম্মদ খান বলেন, যন্ত্রটির ১০ মিটার ব্যাসার্ধের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়। লাখ লাখ ইউনিট এসি ব্যবহারের কারণে সামগ্রিকভাবে নগরের তাপমাত্রা বাড়ে।

এসির ব্যবহার বেড়ে যাওয়ার মনস্তাত্ত্বিক কারণগুলো অনুসন্ধান করে এর ব্যবহার কমানোর ব্যাপারে সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন বলে সংলাপে মত দেন আইপিডির উপদেষ্টা ও পরিকল্পনাবিদ আকতার মাহমুদ। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সারা বিশ্বেই এসি ব্যবহারের কারণে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। পাশাপাশি নগরে ভবনের আকার-আয়তন বাড়ার কারণে তাপমাত্রা বাড়ছে, যার রাশ টেনে ধরা প্রয়োজন।

রাজউকের নগর–পরিকল্পনাবিদ ও ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম বলেন, নগর এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র প্লটে যে উঁচু ভবনগুলো নির্মিত হচ্ছে, সেখানে আলো-বাতাস প্রবেশের ব্যবস্থা না থাকায় মানুষ এসি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ড্যাপে প্রস্তাবিত ব্লক ডেভেলপমেন্টের মাধ্যমে উন্মুক্ত স্থান ও ভবনে আলো–বাতাসের প্রবাহ বাড়িয়ে এসির ব্যবহার হ্রাস ও বিদ্যুতের ওপর চাপ কমানো সম্ভব।

শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের মাত্রাতিরিক্ত ব্যবহারে বিদ্যুৎ–সংকট প্রকট হচ্ছে বলে সংলাপে মত দেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান আহমেদ কামরুজ্জামান মজুমদার। তিনি বলেন, এসির নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে অনেকেই তেলনির্ভর জেনারেটর চালাচ্ছেন, যা শব্দদূষণ ও বায়ুদূষণের কারণ। এসির ব্যবহার সমাজে একধরনের বিদ্যুৎ–বৈষম্য তৈরি করছে মন্তব্য করেন তিনি।

যেসব ভবনে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেশি, সেসব ভবনে কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহরিয়ার ইকবাল। তিনি বলেন, কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণব্যবস্থা করা গেলে বিদ্যুতের চাহিদা তুলনামূলকভাবে কমে।

পরিকল্পনাবিদ রেদওয়ানুর রহমান বলেন, ‘ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেই এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রির নিচে নামতে না দেওয়ার বিষয়ে নীতিমালা আছে। আমাদের দেশেও এ ধরনের নীতি প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুতের চাহিদা কমানো সম্ভব হবে।’ সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন ভবনে মাত্রাতিরিক্ত এসি ব্যবহারের উদাহরণ টেনে তিনি বলেন, সরকারি বিভিন্ন ভবন নির্মাণের সময় বিদ্যুৎ–সাশ্রয়ী ভবন নির্মাণে গুরুত্ব দেওয়া উচিত।

নগর সংলাপে আরও বক্তব্য দেন আইপিডির পরিচালক চৌধুরী মো. জাবের সাদেক, আর্কিট্রেভ ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক জামিল আহমেদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ফরহাদুর রেজা, প্রকৌশলী মামুন ফেরদৌস প্রমুখ।