একসময়ের জমজমাট সদরঘাটের লঞ্চ টার্মিনাল এখন সুনসান। পদ্মা সেতু চালুর পর কমে গেছে দক্ষিণাঞ্চলের লঞ্চযাত্রী। গতকাল বিকেলে রাজধানীর সদরঘাটে
একসময়ের জমজমাট সদরঘাটের লঞ্চ টার্মিনাল এখন সুনসান। পদ্মা সেতু চালুর পর কমে গেছে দক্ষিণাঞ্চলের লঞ্চযাত্রী। গতকাল বিকেলে রাজধানীর সদরঘাটে

লঞ্চঘাট

সেই দিন নেই সদরঘাটে

পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের লঞ্চের যাত্রী কমেছে। দুর্দশায় মালিক-শ্রমিকেরা।

বুড়িগঙ্গার কোল ঘেঁষে পুরান ঢাকার সদরঘাট আগের জায়গায়ই আছে। তবে সদরঘাট যেন সেই সদরঘাট নেই।

সম্প্রতি এক বিকেলে গিয়ে দেশের প্রধান এই অভ্যন্তরীণ নৌবন্দরকে তার চিরচেনা রূপে পাওয়া গেল না। দেখা গেল, পূর্ব-পশ্চিমে লম্বা ঝকঝকে টার্মিনালটিতে সুনসান নীরবতা। হাতে গোনা দু-একজন যাত্রী ব্যাগপত্র নিয়ে আসছেন। তিন–চারতলা লঞ্চগুলো যাত্রীর আশায় থেমে আছে।

কর্মচারীরা লঞ্চের প্রবেশমুখে দাঁড়িয়ে হাঁকডাক করে যাত্রী তোলার যে প্রতিযোগিতা করতেন, তেমন কিছু চোখে পড়ল না। লঞ্চমালিক ও শ্রমিকেরা বললেন, পদ্মা সেতু চালুর পর থেকে সদরঘাটের এই দশা।

লঞ্চে পটুয়াখালী যেতে সদরঘাটে গিয়েছিলেন বোরহান মিয়া। নিরিবিলি পরিবেশে এমভি কাজল লঞ্চের শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কেবিনের টিকিট কাটলেন ৮০০ টাকায়। তিনি বললেন, ‘আগে টার্মিনালে এলেই লোকজন কে কাকে ধরে লঞ্চে তুলবেন, তার প্রতিযোগিতা চলত। তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটিও লেগে যেত। এখন যাত্রীই নেই, হাঁকডাকও নেই। যে যার মতো করে লঞ্চে ওঠে।’

বরিশালগামী পারাবত লঞ্চের কর্মচারী সাত্তার মিয়ার কণ্ঠে হতাশা, চোখে অনিশ্চয়তা। তিনি বললেন, ‘যাত্রী কইমা যাওয়ায় এহন আর কেউ লঞ্চের সামনে যাইয়্যা ডাকে না। যাত্রী থাকলে তো ডাইক্যা উঠাইব।’

লঞ্চমালিক, শ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মা সেতু লঞ্চে যাত্রী কমে যাওয়ার একটি বড় কারণ। তবে একমাত্র কারণ নয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সদরঘাটে যেতে ভোগান্তি এবং দীর্ঘ সময় লাগাকেও দায়ী করেছেন তাঁরা।

বদলে গেছে দৃশ্যপট

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। এখন বাসে ঢাকা থেকে বরিশাল যাওয়া যায় তিন থেকে সাড়ে চার ঘণ্টায়। ফলে বাসে যাত্রী বেড়েছে। কোম্পানিগুলো বাসের সংখ্যা বাড়িয়েছে, বাসের ট্রিপ (একবার যাওয়া-আসা) বেড়েছে। বিপরীতে লঞ্চে যাত্রীসংখ্যায় ধস নেমেছে।

সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলে নির্ধারিত নৌপথ অর্থাৎ চলাচলের গন্তব্য বা রুট রয়েছে ৪১টি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদরঘাট টার্মিনালের নৌ–নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ রুটগুলোর দেখভাল করে। সংস্থাটির যুগ্ম পরিচালক কবির হোসেন প্রথম আলোকে বলেন, এসব রুটে প্রায় ২০০টি লঞ্চের চলাচলের সময়সূচির অনুমোদন দেওয়া ছিল। স্বাভাবিক সময়ে ৯০ থেকে ৯৫টি লঞ্চ নিয়মিত চলাচল করত। ঈদ বা উৎসবের সময় সংখ্যাটি অনেক বাড়ত। পদ্মা সেতু চালুর পর নিয়মিত চলাচলকারী লঞ্চ কমেছে ২৫টির মতো।

লঞ্চমালিকদের ভাষ্য, পরিস্থিতি আরও খারাপ। মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, সদরঘাট থেকে সব রুট মিলিয়ে এখন দিনে সর্বোচ্চ ৫০টি লঞ্চ চলে, যা আগে ছিল ৮০টির বেশি। যাত্রী না থাকায় এর মধ্যেই ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের রায়েন্দা, তুষখালী, ভোমা, ওয়াপদা ও মাদারীপুর—এই পাঁচ রুট বন্ধ হয়েছে। ঝালকাঠি, বরগুনা ও আমতলী রুটে এক দিন পরপর যাচ্ছে একটি লঞ্চ। এই তিনটিসহ ৮ থেকে ১০টি রুট বন্ধের আশঙ্কা রয়েছে।

ঢাকা-বরিশাল পথে আগে প্রতিদিন ২০টি লঞ্চ চলাচল করত বলে দাবি করে সিদ্দিকুর রহমান বলেন, তারপরও কেবিনের সংকট লেগে থাকত। এখন দিনে ৪টি লঞ্চ চলাচল করে। তবু বেশির ভাগ কেবিন খালি থাকে। আগে ঢাকা-পটুয়াখালী রুটে ৬টি লঞ্চ চলত, এখন চলে ২টি। ঢাকা থেকে আমতলী ও পায়রা মিলিয়ে লঞ্চ চলে ১টি। আগে যেত ৪ থেকে ৬টি।

ঢাকা থেকে হাতিয়া, ভোলা, ইলিশা ও চাঁদপুর রুটের লঞ্চের সংখ্যা কমেনি। যাত্রীও আগের মতোই আছে বলে জানান লঞ্চমালিক ও শ্রমিকেরা।

লঞ্চমালিকেরা দাবি করেন, তাঁদের অনেকে লঞ্চ বিক্রি করে দিতে চাইছেন। কিন্তু ক্রেতা নেই।

প্রতি ‘ট্রিপে’ লাখ টাকা লোকসান

সদরঘাটকেন্দ্রিক পুরোনো নৌপরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে এমভি পারাবত অন্যতম। চলছে ১৯৫১ সাল থেকে। প্রতিষ্ঠানটির মালিক শহীদুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তঁাদের যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চ ছিল ১৮টি। এখন আছে ৬টি। এর মধ্যে ৩টি বন্ধ, ১টি ভাড়া দেওয়া এবং ২টি পালা করে চলে।

পালা করে চলা লঞ্চ ২টি সপ্তাহে ১টি করে ট্রিপ পায় উল্লেখ করে শহীদুল বলেন, বরিশালে প্রতি ট্রিপে (একবার যাতায়াত) ৬ থেকে ৭ হাজার লিটার ডিজেল লাগে। তেলের দাম, শ্রমিকদের মজুরি, মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ইত্যাদি মিলিয়ে প্রতি ট্রিপে সাড়ে ৪ থেকে ৬ লাখ টাকা খরচ। তবে তত ভাড়া পাওয়া যায় না। তাই প্রতি ট্রিপে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা বা তারও বেশি লোকসান হয়।

লঞ্চমালিকেরা দাবি করেন, তাঁদের অনেকে লঞ্চ বিক্রি করে দিতে চাইছেন। কিন্তু ক্রেতা নেই। ইতিমধ্যে ঢাকা-বরিশাল রুটের কামাল খান-১ নামের একটি লঞ্চ মেরামত কারখানা বা ডকইয়ার্ডে নিয়ে কেটে ফেলা হয়েছে। আরেকটি বড় লঞ্চ কাটার প্রক্রিয়া চলছে। আরও প্রায় ১৫টি লঞ্চ কেটে পুরোনো লোহা হিসেবে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন মালিকেরা।

অনেক সময় দেখা যায়, সন্ধ্যা ছয়টায় সদরঘাট পৌঁছে গেছি। লঞ্চ ছাড়বে রাত ৯টায়। অটোরিকশার ভাড়া, রাতের খাবার, লঞ্চের ভাড়া—সব মিলিয়ে লঞ্চে খরচ বেশি। ভোগান্তিও বেশি
মিরপুরের বাসিন্দা শাহাদাত হোসেন

পদ্মা সেতুই কি একমাত্র কারণ

লঞ্চমালিক, শ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মা সেতু লঞ্চে যাত্রী কমে যাওয়ার একটি বড় কারণ। তবে একমাত্র কারণ নয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সদরঘাটে যেতে ভোগান্তি এবং দীর্ঘ সময় লাগাকেও দায়ী করেছেন তাঁরা।

২০২১ সালের নভেম্বরে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা করা হয়। তখন লঞ্চের ভাড়া প্রায় ৩৫ শতাংশ বাড়িয়ে নেন মালিকেরা। এরপর গত বছরের আগস্টে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়, যা পরে ৫ টাকা কমানো হয়েছিল। মালিকেরা ওই মাসে ভাড়া বাড়িয়ে নেন প্রায় ৩০ শতাংশ।

দুই দফায় ব্যাপকভাবে ভাড়া বাড়ানোয় লঞ্চের ওপর থেকে যাত্রীদের অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলেও মনে করেন কেউ কেউ। এখন নির্ধারিত ভাড়ার অনেক কম চেয়েও যাত্রী জুটছে না। যেমন এখন ঢাকা থেকে বরিশালের লঞ্চে ডেকের নির্ধারিত ভাড়া জনপ্রতি ৪৩১ টাকা। তবে যাত্রী নেওয়া হয় ৩০০ টাকায় বা তার কমে। ৩ হাজার ৮০০ টাকার ডাবল কেবিন পাওয়া যায় ১ হাজার ৬০০ টাকায়ও।

লঞ্চের শ্রমিকেরা জানান, বড় লঞ্চগুলোতে ১৮০ থেকে ২৫০টি পর্যন্ত কেবিন থাকে। সব কেবিনের টিকিট বিক্রি হলে লঞ্চের খরচ উঠে আসে। তবে এখন অধিকাংশ কেবিন খালি থাকে।

ঢাকা থেকে আমতলী রুটে চলাচলকারী এমভি শতাব্দী বাঁধন লঞ্চের মালিক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, লঞ্চ চললে লোকসান, বসে থাকলে ক্ষতি। কী করবেন কিছুই বুঝতে পারছেন না। তিনি আরও বলেন, তিনি দুই বছর আগে প্রায় ১৬ কোটি টাকা খরচ করে লঞ্চটি তৈরি করিয়েছেন। স্বাভাবিক সময়ের মতো যাত্রী থাকলে পাঁচ থেকে সাত বছরের মধ্যে বিনিয়োগের টাকা উঠে আসার কথা। এখন লোকসান দিতে হচ্ছে।

লঞ্চে ঢাকা থেকে বরিশাল যেতে সময় লাগে ৯ ঘণ্টার বেশি। ঢাকার বিভিন্ন জায়গা থেকে সদরঘাট যাওয়ার দুর্ভোগও অনেক। রাজধানীর মিরপুরের বাসিন্দা শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, সদরঘাট থেকে বরিশালের লঞ্চ ছাড়ে রাত সাড়ে আটটার দিকে। তবে পুরান ঢাকার যানজটের ভয়ে রওনা দিতে হয় বিকেলেই। অটোরিকশার ভাড়াও লাগে বেশি। তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায়, সন্ধ্যা ছয়টায় সদরঘাট পৌঁছে গেছি। লঞ্চ ছাড়বে রাত ৯টায়। অটোরিকশার ভাড়া, রাতের খাবার, লঞ্চের ভাড়া—সব মিলিয়ে লঞ্চে খরচ বেশি। ভোগান্তিও বেশি।’

বিআইডব্লিউটিএর হিসাবে, পদ্মা সেতু চালুর আগে স্বাভাবিক সময়ে দিনে লঞ্চে যাতায়াত করত প্রায় ২৫ হাজার যাত্রী। এখন ৪০ শতাংশ কমেছে। গত পবিত্র ঈদুল ফিতর ঘিরে গড়ে প্রতিদিন ৮০ হাজার যাত্রী পাওয়া গেছে, যা স্বাভাবিক সময়ের ঈদ মৌসুমে দিনে ১ লাখ ৩০ হাজার হতো। সব মিলিয়ে ঈদ মৌসুমেও আশানুরূপ যাত্রী পাননি লঞ্চমালিকেরা।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক কবির হোসেন প্রথম আলোকে বলেন, লঞ্চ নির্দিষ্ট ঘাটে গিয়ে থামে। সেসব ঘাট থেকে সড়ক যোগাযোগ তেমন উন্নত নয়। অথচ বাসযাত্রীরা সুবিধামতো জায়গায় নামতে পারেন। বাস টার্মিনাল থেকে সড়ক যোগাযোগও অনেক উন্নত।

শ্রমিকদের দুর্বিষহ জীবন

সদরঘাটের লঞ্চগুলোতে কাজ করেন প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী। শ্রমিকনেতারা জানান, শ্রমিক-কর্মচারীদের অনেকে ছাঁটাইয়ের শিকার হয়েছেন। অনেকে বেতন পাচ্ছেন না। বেশির ভাগের আয় কমে গেছে।

বাংলাদেশ নৌযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম প্রথম আলোকে বলেন, কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৩ হাজার শ্রমিক-কর্মচারী। তাঁরা পরিবার নিয়ে অবর্ণনীয় কষ্টে আছেন। তিনি বলেন, অনেক দিন ধরে তাঁরা নাবিক কল্যাণ তহবিল ও ভবিষ্য তহবিল গঠনের দাবি করে আসছেন। কিন্তু বাস্তবায়িত হয়নি। সেটা থাকলে সংকটকালে শ্রমিকেরা কিছুটা হলেও আর্থিক সহায়তা পেতেন।

এখন মালিকের কাছে খুব জোরালো দাবি করা যাচ্ছে না উল্লেখ করে শাহ আলম বলেন, শ্রমিকেরা নিজেরাই দেখছেন লঞ্চগুলো প্রতিদিন লোকসান দিচ্ছে।

নতুন রুট খোঁজার পরামর্শ

এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী, তা নিয়ে জানতে চাওয়া হয়েছিল বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার কাছে। তিনি বললেন, ‘লঞ্চগুলো ব্যক্তিমালিকানাধীন। এ ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু করার নেই।’ তিনি মনে করেন, লঞ্চমালিকদেরই প্রধান উদ্যোগ নিতে হবে। নদীর নাব্যতা বাড়ানো হয়েছে। নৌপথ ছয় হাজার কিলোমিটার থেকে সাড়ে সাত হাজার কিলোমিটারে উন্নীত করা হয়েছে। লঞ্চমালিকেরা যদি নতুন গন্তব্য খোঁজ করে লঞ্চগুলো সেই রুটে চালাতে চান, সেই ব্যবস্থা করা হবে।