আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদও রয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাছে বৃহস্পতিবার এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অভিযোগ গঠনের আবেদনে চিফ প্রসিকিউটর বলেছেন, ২০১৩ সালে শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। সেখানে এই মামলার আসামিরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। সেখানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ আড়াল করার জন্য তৎকালীন সরকার গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করেছে। এ রকম অমানবিক ঘটনা ১৯৭১ সালে সংঘটিত হয়েছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই মামলার আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ হলো ২০১৩ সালের ৫ মে দুপুর থেকে ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের লোকজনের হামলায় ৩২ জন হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থক নিহত হন। দ্বিতীয় অভিযোগ হলো পরদিন ৬ মে সকালবেলা শাপলা চত্বর থেকে বেরিয়ে আন্দোলনকারীরা নারায়ণগঞ্জ যান। সেখানে আন্দোলন করলে সেখানেও তাঁদের ওপর হামলা করা হয়। সেখানেও ২০ জন মারা যান। এরপর এই মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন তিনি।

শাপলা চত্বরের মামলায় ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল, দুই সাংবাদিক—একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। এদিন তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার ৩০ আসামি পলাতক।

শেখ হাসিনা ও আজিজ আহমেদ ছাড়াও পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, সাবেক সংসদ সদস্য এস এম জাহিদ, যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক প্রধান মো. মোখলেছুর রহমান।

পলাতক আসামিদের মধ্যে আরও আছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শেখ মুহাম্মাদ মারুফ হাসান, অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুব হোসেন, অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন, ডিআইজি মহা. আশরাফুজ্জামান, ডিআইজি মোহাম্মদ হারুন–অর–রশীদ, ডিআইজি বিপ্লব কুমার সরকার, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, রমনা অঞ্চলের এসি এস এম শিবলী নোমান ও মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী। এই মামলায় আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী সোমবার দিন ধার্য করা হয়েছে।