
এয়ারলাইনস ও শিপিং ইন্ডাস্ট্রির গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উদ্যাপনের লক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ‘ইউ ফ্লাই, ইউ সেল-ব্র্যাক ব্যাংক পাওয়ারস টু প্রিভেইল’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানটি এই খাতগুলোর সাফল্য ও সমৃদ্ধি উদ্যাপন করেছে, যা বর্তমান আন্তর্জাতিক বাণিজ্যের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত।
৯ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের অভ্যর্থনা জানান ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান। এ সময় ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম।
ব্যবসা-বাণিজ্যের অন্যতম দুটি খাত এয়ারলাইনস ও শিপিং ইন্ডাস্ট্রি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে উড়োজাহাজে ভ্রমণ ও জাহাজসেবার চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। স্বনামধন্য এয়ারলাইনস ও শিপিং কোম্পানির গ্রাহকদের নিজেদের বিশেষায়িত পণ্য এবং সেবার মাধ্যমে তাঁদের ব্যাংকিং চাহিদা পূরণ করতে পেরে ব্র্যাক ব্যাংক গর্বিত।
সুশাসন, স্বচ্ছতা, সুনাম, আস্থা ও নিরবচ্ছিন্ন তারল্য–সহায়তা এয়ারলাইনস ও শিপিং কোম্পানিগুলোকে দিন দিন ব্র্যাক ব্যাংকমুখী করে তুলছে। এ ছাড়া করপোরেট গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ গ্রাহকদের নির্বিঘ্নে ও দক্ষতার সঙ্গে ফান্ড ব্যবস্থাপনার সুবিধা প্রদান করে। ফলে গ্রাহকেরা নিজেদের সুবিধামতো ব্যাংকিং সেবা পাওয়ার মাধ্যমে ব্র্যাক ব্যাংকের সঙ্গে এক চমৎকার ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এখন বিখ্যাত এয়ারলাইনস, শিপিং কোম্পানিসহ অন্য অসংখ্য করপোরেট গ্রাহকের ব্যাংকিং প্রয়োজন পূরণ করতে পারছি।’ তিনি আরও বলেন, ‘আমরা শুধু সেবার উন্নয়নেই নই, উদ্ভাবনেও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের গ্রাহকদের সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে তাঁদের ব্যবসায়ের উন্নতিতেও অবদান রাখতে চাই। আমরা সর্বাধুনিক ডিজিটাল ব্যাংকিং সলিউশনগুলোতে আমাদের বিনিয়োগ অব্যাহত রাখব। এভাবে আমরা এয়ারলাইনস ও শিপিং ইন্ডাস্ট্রির গ্রাহকদের নিরবচ্ছিন্ন এবং স্মার্ট ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে এই শিল্পগুলোর ভবিষ্যৎ প্রসারে তাদের সঙ্গে একযোগে কাজ করে যাব।’