ঢাকার মহানগর দায়রা জজ আদালত
ঢাকার মহানগর দায়রা জজ আদালত

পি কে হালদারের সহযোগী নাহিদার জমিসহ ভবন, প্লট ও ফ্ল্যাট জব্দের আদেশ

দুনীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলাকালে পি কে হালদারের সহযোগী নাহিদা রুনাইয়ের জমিসহ ছয়তলা আবাসিক ভবন, দুটি প্লট ও একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ পি কে হালদারের সম্পদ জব্দের আবেদন করেন। এসব সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৭৫২ টাকা।

জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্য আছে রাজধানীর ধানমন্ডি এলাকার ৩ হাজার ১৮৩ বর্গফুটের ফ্ল্যাট, উত্তরায় ৩ কাঠার প্লট, চট্টগ্রামের খুলশীতে ১০ শতক জমির ওপর নির্মিত ৬ তলা আবাসিক ভবন ও নারায়ণগঞ্জে ৩ কাঠা করে ৬ কাঠার দুটি প্লট।

আবেদনে বলা হয়েছে, আসামি নাহিদা রুনাইয়ের  বিরুদ্ধে তদন্ত চলমান। গোপন সূত্রে জানা গেছে, তাঁর স্থাবর সম্পদ বেহাত হওয়ার আশঙ্কা আছে। এ জন্য আদালতের মাধ্যমে স্থাবর সম্পদ জব্দ করা অত্যন্ত প্রয়োজন।