বাংলাদেশ এগিয়ে যাওয়ার মূল কারণ নারীরা: শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাওয়ার মূল কারণ নারীদের এগিয়ে যাওয়া। তিনি বলেছেন, কোনো একটি সমাজ কিংবা রাষ্ট্রকে এগিয়ে যেতে হলে সেখানে নারী-পুরুষের সমান অংশগ্রহণ লাগে। অর্ধেক মানুষকে পেছনে ফেলে একটা সমাজ কখনো তার সম্ভাবনা বাস্তবায়ন করতে পারে না।

বৃহস্পতিবার পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে পুনাক (বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুনাকের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘মানুষের অনুপ্রেরণার সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার ঘর। সেখানে শান্তি, অনুপ্রেরণা থাকলে মানুষ বাইরে কাজের জায়গায় সাফল্য লাভ করে। কাজেই ওই সাফল্যের বড় অংশীদার আপনারা।’

পরে পুনাক পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, কোরআন তিলাওয়াত, সংগীত, চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, কম্পিউটারসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার দেন শিক্ষামন্ত্রী। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে পুনাকের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এর আগে পুনাকের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক নাসিম আমিন। ২০২১-২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ নাফিস সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। পুনাকের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন জেলা থেকে আসা পুনাকের জেলা সভানেত্রী ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।