ভিক্ষুকের কোলে রেখে পালিয়েছিলেন, ফিরে এলেন সন্তানের খোঁজে

উদ্ধারের পর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের কোলে শিশুটি। গত বুধবার রাতে
ফাইল ছবি

এক ভিক্ষুকের কোলে নিজের ছয় মাসের সন্তানকে রেখে পালিয়ে যান এক নারী। আদালত ঘুরে এক নিঃসন্তান দম্পতির ঘরে ঠাঁই হয় ওই শিশুর। তবে মাতৃত্বের দাবি নিয়ে আবার ফিরে এসেছেন ফেলে যাওয়া শিশুর মা। থানায় হাজির হয়ে নিজের সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন তিনি।

লক্ষ্মীপুর জেলায় ঘটেছে এ ঘটনা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিশুসন্তানকে ফেরত চেয়ে লক্ষ্মীপুর সদর থানায় হাজির হন ফেলে যাওয়া শিশুর মা।

এর আগে গত বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে এক ভিক্ষুকের কোলে ছয় মাসের শিশুকে রেখে মা পালিয়ে যান। পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় দেয়। পরে ওই শিশুকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে আদালত এক নিঃসন্তান দম্পতিকে ওই শিশুর লালন-পালনের দায়িত্ব দেন।

শিশুটির মা জানান, ফেলে যাওয়া ছেলেশিশুটি ছাড়াও তিনটি কন্যাশিশু রয়েছে তাঁর। শিশুদের বাবা সৌদি আরবপ্রবাসী। পরিবারকে নিয়ে জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকেন তিনি।

মানসিক অস্থিরতা থেকে সন্তানকে ফেলে গিয়েছিলেন জানিয়ে ওই মা প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যদের নিয়ে সংসারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। তাঁর স্বামী ঋণ নিয়ে একটি ঘর নির্মাণ করে ছয় মাস আগে সৌদি আরবে ফিরে যান। প্রতি মাসে ঋণ বাবদ ১১ হাজার টাকার কিস্তি শোধ করতে হয় তাঁর। এ ছাড়া পরিবারের সাধারণ খরচের পাশাপাশি সন্তানদের পড়ালেখার ব্যয় মেটানো কষ্টকর হয়ে উঠছিল তাঁর কাছে। দেনা বেড়ে যাওয়ার কারণে মানসিক অস্থিরতা থেকে ছয় মাসের শিশুসন্তানকে ভিক্ষুকের কোলে তুলে দিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছিলেন তিনি।

শিশুটির মা বলেন, ‘বুকের ধনকে ফেলে গিয়ে সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন সকালে সব জায়গায় খোঁজ নিয়েও ছেলেকে পাইনি। পরে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে শিশুটিকে পুলিশ কর্তৃক উদ্ধার করার বিষয়টি জানতে পারি। আমার ছেলেকে আমি ফেরত চাই।’

পুলিশ জানায়, বৃদ্ধ ভিক্ষুক সালমা বেগমের কোলে নিজের শিশুসন্তানটিকে রেখে পালিয়েছিলেন ওই নারী। ভিক্ষুকের কাছ থেকে উদ্ধার করে পুলিশ সন্তানটিকে স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদের জিম্মায় দেয়। পরে আদালতে সোপর্দ করে শিশুটির দায়দায়িত্ব সমাজসেবা কার্যালয়কে দেওয়ার আবেদন করে পুলিশ। আদালতে ওই শিশুকে লালন-পালনের জন্য এক নিঃসন্তান দম্পতি আবেদন করেন। আদালত শর্ত সাপেক্ষে ওই শিশুকে লালন-পালনের জন্য ওই দম্পতিকে দায়িত্ব দেন।

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিশুটির মা এবং পরিবারের খোঁজ মিলেছে। তবে ওই পরিবার কিছু আইনি প্রক্রিয়া মেনে শিশুটিকে ফেরত পাবে। আমরা আদালতে এ বিষয়ে প্রতিবেদন দেব। আইনি প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিশুটি যে দম্পতির ঘরে রয়েছে, সেখানে থাকবে।’