দেশে হামের প্রাদুর্ভাব থামছে না। এ প্রাদুর্ভাব হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১৮ অক্টোবর
দেশে হামের প্রাদুর্ভাব থামছে না। এ প্রাদুর্ভাব হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১৮ অক্টোবর

হামে মৃত্যু ১ হাজার ২০০ ছাড়াল

হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজন মারা গেছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ৯৭ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০১।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এ পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৩০৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫৫১।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৩৫। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ১৫৭ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে পাঁচজন মারা গেছে, তাদের দুজন ঢাকা বিভাগের। সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে।