
কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন বা ফাঁদে পা না দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ নিয়োগকে কেন্দ্র করে কোনো প্রতারণার খবর পেলে কাছের থানা কিংবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, গত বছরের ২ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ৫ ফেব্রুয়ারি থেকে নিয়োগ কার্যক্রম শুরু হয়। পরীক্ষা আধুনিকায়ন করে নিয়োগ পদ্ধতি স্বচ্ছতার ভিত্তিতে সাত ধাপে সম্পন্ন হয়। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যেতে পারে।
কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে যোগ্যতার প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এ ক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে প্রার্থীকে উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই।মো. মনজুর রহমান, পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এআইজি
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মনজুর রহমান বলেন, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে যোগ্যতার প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এ ক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে প্রার্থীকে উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধু সরকারি ফি প্রদানের মাধ্যমে চাকরি পেয়ে থাকেন।