
ঢাকা, দিল্লি ও টোকিওর ত্রিপক্ষীয় সহযোগিতা ভারত মহাসাগরীয় অঞ্চলের কল্যাণের স্বার্থে নতুন পথ উন্মোচনকারীর (গেম চেঞ্জার) ভূমিকা পালন করতে পারে বলে মনে করে বাংলাদেশ। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ, ভারত ও জাপানের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে যে রাজনৈতিক সদিচ্ছা আছে, তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রকল্পভিত্তিক কিংবা কোনো একটি দেশের উদ্যোগে অন্যরা যুক্ত হলে সবাই এর সুফল ভোগ করবে।
রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিন্ডিকেট হলে এক আলোচনায় প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব এ কথা বলেন। আজ বুধবার সকালে বাংলাদেশ, ভারত ও জাপানের ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এনএসইউর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ ওই আলোচনার আয়োজন করে।
মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা অনন্য। দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থানের পাশাপাশি বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গমস্থলে অবস্থিত। এ ধরনের অবস্থান, বিশেষ করে সংযুক্তি এবং উপাঞ্চলিক ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া—উভয়েরই একটি প্রধান এবং সক্রিয় অংশীদার হিসেবে জাপান এ অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতও এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতায় ক্রমবর্ধমানভাবে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। তিনি ত্রিদেশীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিনিয়োগ, সরবরাহব্যবস্থা এবং সংযুক্তির উন্নয়নে জোর দেন।
পররাষ্ট্রসচিব বলেন, জাপানের ‘বিগ-বি’ উদ্যোগকে আরও সমন্বিত ও সফল করার স্বার্থে নেপাল, ভুটানের পাশাপাশি প্রয়োজনে মিয়ানমারকে যুক্ত করার অনুরোধ জানাবেন তিনি।
প্যানেল আলোচক এবং সাবেক পররাষ্ট্রসচিব অধ্যাপক মো. শহীদুল হক বলেন, বাংলাদেশ, ভারত ও জাপানের সম্পর্ক ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন এক মাত্রায় উত্তরণ হয়েছে। তিন দেশের মধ্যে এখনকার মতো এত ভালো সম্পর্ক কখনোই ছিল না। এই সম্পর্ক এখন প্রকল্পের ঊর্ধ্বে উঠে মূল্যবোধভিত্তিক এক অংশীদারে রূপ নিয়েছে।
জাপান বিশ্বস্ত বন্ধু কি না, এমন এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি থেকে সরে এসে সাম্প্রতিক বছরগুলোতে জাপান এখন ভিন্ন আঙ্গিকে নিজের অবস্থান তুলে ধরছে। জাপান ভারত মহাসাগরীয় কৌশলের পাশাপাশি এই অঞ্চলের ভূরাজনীতি, ভূ-অর্থনীতির এবং ভারতের উত্তর–পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্তির মাধ্যমে এই অঞ্চলের বাইরের সঙ্গে যুক্ততার বিষয়টি সামনে এনেছে। ভারতের পর সম্প্রতি বাংলাদেশও জাপানের কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। তিনটি দেশ কৌশলগত অংশীদার হিসেবে নতুন কাঠামোতে পরস্পরের যুক্ততার জন্য কাজ করছে। বাংলাদেশ ও ভারতের পরীক্ষিত বন্ধু জাপান। তিন দেশের সহযোগিতার পথে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। তাই ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে হলে এই চ্যালেঞ্জগুলো দূর করতে হবে।
প্যানেল আলোচনায় গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, বঙ্গোপসাগর ঘিরে তিন দেশের সহযোগিতায় বিপুল সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। এই সম্ভাবনার সুফল পেতে হলে নীতিগত পর্যায়ে দুর্বলতা, অবকাঠামোর ঘাটতি এবং প্রক্রিয়াগত জটিলতা সুরাহার মতো চ্যালেঞ্জগুলোর সুরাহা করা জরুরি।
ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান কনফ্লুয়েন্সের নির্বাহী পরিচালক সব্যসাচী দত্ত বলেন, বাংলাদেশ, ভারত ও জাপানের ত্রিপক্ষীয় সহযোগিতার মধ্য দিয়ে দুই নিকট প্রতিবেশী অঞ্চলের সামগ্রিক সুফল নিশ্চিত হবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এম জসিম উদ্দিন বলেন, ত্রিদেশীয় সহযোগিতা জোরদার করতে হলে এই অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দারিদ্র্যবিমোচন, বিচ্ছিন্নতাবাদের মতো সমস্যাগুলোর সুরাহা করতে হবে।
এসআইপিজির পরিচালক অধ্যাপক শেখ তৌফিক এম হকের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।